প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপির
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপির
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনি অনিয়মের অভিযোগে বিক্ষোভ করতে গিয়ে কয়েক শ আন্দোলনকারী আটক হওয়ার পর দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতারা জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবার দিল্লির যন্তর মন্তরের কাছে সমাবেশ করতে গিয়ে বিক্ষোভকারীদের আটক করা হয়। রোববার মুক্তি পাওয়ার পর আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন সিজেপির নেতারা। নির্বাচনি অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।
দলটির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সংবাদ সম্মেলনে বলেন, তাদের আন্দোলন কেবল শুরু হয়েছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ বন্ধ হবে না।
সিজেপি নেতা সৌরভ দাস বলেন, আন্দোলন শুধু দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও করেন তিনি।
এদিকে, আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন সিজেপির আইনবিষয়ক দলের প্রধান রত্না সিং। তার দাবি, বিক্ষোভে অংশ নেওয়া থেকে সন্তানদের বিরত রাখতে পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা তার চলাফেরার ওপর নজরদারি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। রত্না সিং প্রশ্ন তোলেন, দেশের যেকোনো স্থানে চলাচলের সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও একজন নাগরিককে কীভাবে বেআইনিভাবে আটকে রাখা যায়।
আন্দোলনকারীদের আটক রাখার সময় অভিজিৎ দীপকে তার দাদির মৃত্যুসংবাদ জানানোর ঘটনাটি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আশুতোষ রাঙ্কা।
অন্যদিকে, সৌরভ দাস অভিযোগ করেন, দিল্লি পুলিশ শিখদের পবিত্র উপাসনালয় বাংলা সাহিব গুরুদ্বারে জুতা পরে এবং মাথা না ঢেকে প্রবেশ করেছে। এ সময় বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। এই ঘটনার পর শিখ সম্প্রদায়ের মানুষের প্রতি আন্দোলনকারীদের সমর্থন জানানোর আহ্বান জানান সিজেপি নেতা।
স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) নেত্রী আয়েশে ঘোষও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘যন্তর মন্তর ২.০ শুরু হয়েছে। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব এবং সংবিধান মেনেই আন্দোলন চালিয়ে যাব।’
এ ছাড়া বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট ডানপন্থী গোষ্ঠীগুলোকে সিজেপির বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর সুযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সূত্র: এনডিটিভি

Post a Comment