শেষ অনুশীলনে মেসি, আবেগঘন বার্তায় বললেন—‘এই মুহূর্তগুলো মিস করব’
শেষ অনুশীলনে মেসি, আবেগঘন বার্তায় বললেন—‘এই মুহূর্তগুলো মিস করব’
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বর্ণিল পথচলা এবার শেষের দ্বারপ্রান্তে। আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামার আগে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন সেরে নিয়েছেন এই কিংবদন্তি। অনুশীলনের পর সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমি জানি, এই বিশেষ মুহূর্তগুলো মিস করব।’
মাত্র কয়েকটি শব্দের এই বার্তাতেই যেন ফুটে উঠেছে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অসংখ্য স্মৃতি। জাতীয় দলের জার্সিতে বছরের পর বছর অনুশীলন, সতীর্থদের সঙ্গে আনন্দ-উল্লাস, জয়-পরাজয়, হতাশা ও কষ্ট—সবকিছু পেরিয়ে শেষ পর্যন্ত ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্ত। সেই দীর্ঘ যাত্রার ইতি টানার আগে আবেগটা যে মেসির মধ্যেও তীব্র, তাঁর পোস্টেই তার ইঙ্গিত মিলেছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষ মুহূর্তে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে বেনিনের বিপক্ষে ম্যাচটিতে পুরো ৯০ মিনিট মাঠে থাকার সম্ভাবনা রয়েছে মেসির। ফলে আর্জেন্টিনার জার্সিতে প্রিয় তারকাকে শেষবারের মতো দেখতে প্রস্তুত বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম।
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে স্টেডিয়ামজুড়ে থাকছে বিশেষ আয়োজন। কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে থাকবে নানা ধরনের অনুষ্ঠান ও অতিথি শিল্পীদের পরিবেশনা। তবে সবচেয়ে আবেগঘন উপস্থিতি হতে পারে ২০২২ বিশ্বকাপে মেসির সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে তোলা আর্জেন্টিনা দলের সদস্যদের।
বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর ৫টায়, মনুমেন্টাল স্টেডিয়ামে। আর্জেন্টিনা দলে রয়েছেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস ওতামেন্দিও। তিনিও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
ফলে ম্যাচটি শুধু আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়; এটি হয়ে উঠতে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক আবেগঘন অধ্যায়। মেসির শেষবারের মতো আকাশী-সাদা জার্সিতে মাঠে নামার অপেক্ষায় এখন পুরো ফুটবলবিশ্ব।

Post a Comment